ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার শাহ্ মোঃ আব্দুর রউফ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শচীন চাকমা। এছাড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারগণ, সহকারী পুলিশ সুপারগণ, সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, ওসি ডিবিসহ বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সভায় জেলার সামগ্রিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং চলমান বিভিন্ন মামলার অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। জেলা পুলিশ সুপার আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, চুরি-ছিনতাই ও সন্ত্রাস দমন, গুরুত্বপূর্ণ স্থানে টহল জোরদার এবং সড়কে যান চলাচল নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট ইউনিটকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
তিনি আরও বলেন, ঈদকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপতৎপরতা রোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করতে হবে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

