সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র–গোলাবারুদসহ ডাকাত দলের সদস্য আটক

0
105
সুন্দরবনে অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক / ছবি - এই বাংলা

নিজস্ব প্রতিবেদক :

গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের একটি খাল এলাকা থেকে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ডাকাত করিম শরীফ বাহিনীর কয়েকজন সদস্য সুন্দরবন–এর শ্যালা নদীসংলগ্ন মূর্তির খাল ও তৈয়বের খাল এলাকায় অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা এবং আউটপোস্ট নলিয়ান যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অভিযানকালে ওই এলাকা থেকে চারটি একনলা বন্দুক, একটি ওয়ান শুটার গান, ১০ রাউন্ড তাজা গুলি, ১৭ রাউন্ড তাজা কার্তুজ ও ১০ রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়। এ সময় করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম বাদশা শেখ (২৫)। তাঁর বাড়ি বাগেরহাট জেলার রামপাল থানায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে তিনি করিম শরীফ বাহিনীর সঙ্গে যুক্ত থেকে ডাকাতি কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহে সহযোগিতা করে আসছিলেন।

কোস্ট গার্ড জানায়, জব্দ করা আলামত ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে আরও জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোস্ট গার্ড সদস্যরা নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকার সুযোগ কাজে লাগিয়ে একটি অসাধু চক্র আবারও সুন্দরবনে সক্রিয় হওয়ার চেষ্টা চালাচ্ছিল। তবে সুন্দরবনকে দস্যুমুক্ত রাখার লক্ষ্যে ইতিমধ্যে বিশেষ সাঁড়াশি অভিযান শুরু করা হয়েছে।

সাম্প্রতিক এসব অভিযানে সুন্দরবনের বিভিন্ন এলাকায় ডাকাত করিম শরীফ বাহিনীর পাঁচটি আস্তানা ধ্বংস করা হয়েছে বলেও জানানো হয়।

কোস্ট গার্ডের কর্মকর্তারা বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here