
কুড়িগ্রাম প্রতিনিধি :
বৈষম্যমুক্ত নবম পে স্কেলের গেজেট প্রকাশ এবং ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে সারা দেশের মতো কুড়িগ্রামেও সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তরের কর্মচারীরা অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ পালন করেছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন কর্মচারী নেতারা।
আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরেই সরকারি কর্মচারীরা নতুন পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলন করে আসছেন। এ লক্ষ্যে সরকার একটি পে-স্কেল কমিশন গঠন করে এবং কমিশনের প্রতিবেদন ইতোমধ্যে সরকারের হাতে জমা দেওয়া হয়েছে। তবে গেজেট প্রকাশে দীর্ঘসূত্রতা এবং সরকারের জ্বালানি উপদেষ্টার পক্ষ থেকে কমিশন বাস্তবায়ন না করার বক্তব্যে কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
কর্মসূচির কারণে সকাল থেকে তিন ঘণ্টা সরকারি দপ্তরগুলোতে সেবা কার্যক্রম বন্ধ থাকে। এতে সাধারণ মানুষকে ভোগান্তির মুখে পড়তে হয়। তবে কর্মচারীরা বলেন, তারা দীর্ঘদিন ধরে ধৈর্যের সঙ্গে অপেক্ষা করেছেন। কিন্তু ন্যূনতম বেতন ও মৌলিক চাহিদা পূরণে সরকার ব্যর্থ হলে আর ঘরে বসে থাকা সম্ভব নয়।
তারা আরও বলেন, সরকার যদি দ্রুত দাবি বাস্তবায়ন করে, তাহলে সঙ্গে সঙ্গে কর্মস্থলে ফিরে যাবেন। অন্যথায় আন্দোলন আরও কঠোর কর্মসূচির দিকে যাবে।
উল্লেখ্য, বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ঘোষণায় গত ১ থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন দুই ঘণ্টা করে অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। দাবি আদায় না হলে আগামী ৬ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ‘ভুখা মিছিল’ কর্মসূচির ঘোষণাও দেওয়া হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক
