ভূরুঙ্গামারী সীমান্তে গরু চুরি ও মাদক পাচারের সময় তিনজন আটক

0
45
কুড়িগ্রামের সীমান্ত এলাকা থেকে গরু চুরি ও ৫ কেজি গাঁজাসহ তিনজন আটক / ছবি - এই বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি :


কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের শিংঝাড় আম্বারীপাড়া এলাকায় ভারতীয় সীমান্তসংলগ্ন অঞ্চল থেকে গরু চুরি ও মাদক পাচারের সময় তিনজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের কুড়িগ্রাম ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কাছে হস্তান্তর করা হয়।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৬টার দিকে ভারতীয় সীমান্তের কাঁটাতারের নিকটবর্তী এলাকায় ভারতীয় নাগরিকদের বাড়ি থেকে দুটি গরু চুরি করে বাংলাদেশে আনার সময় স্থানীয়রা তিনজনকে হাতেনাতে আটক করেন।

খবর পেয়ে ১৫ বিজিবির অধীনস্থ ই কোম্পানির শিংঝাড় বিওপি থেকে হাবিলদার মো. নাছির উদ্দিনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের নিজেদের হেফাজতে নেয়।

পরবর্তীতে বিজিবি সদস্যরা আটক ব্যক্তিদের দেহ তল্লাশি চালিয়ে ১ নম্বর আসামি মো. হায়দার আলী (৩১)-এর কাছ থেকে সাদা-লাল কস্টেপে মোড়ানো ভারতীয় মাদকদ্রব্য গাঁজার একটি টোপলা উদ্ধার করেন। উদ্ধারকৃত গাঁজার ওজন কস্টেপসহ মোট ৫ কেজি ২০০ গ্রাম, যা জব্দ করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

আটককৃতরা হলেন— মো. হায়দার আলী (৩১), মো. সজিব (২৫) ও মো. শেখ ফরিদ (৪০)। তাদের সকলের বাড়ি শিংঝাড় গ্রামে, থানা ভূরুঙ্গামারী, জেলা কুড়িগ্রাম।

বিজিবি সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা পরস্পর যোগসাজশে ভারতীয় মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে বহন করছিলেন, যা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এ ঘটনায় ভূরুঙ্গামারী থানায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এদিকে উদ্ধারকৃত ভারতীয় নাগরিকদের দুটি গরু বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় বিজিবি।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত তিনজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here