নাগেশ্বরীতে স্পর্শ ফাউন্ডেশনের কম্বল পেয়ে শীতার্ত মানুষের মুখে হাসি

0
153
স্পর্শ ফাউন্ডেশনের কম্বল পেয়ে নিজের অনুভূতি প্রকাশ / ছবি - এই বাংলা

নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি :

 

এবার শীতের তীব্রতায় বিপাকে পড়েছেন দরিদ্র ও অসহায় মানুষজন। দিনে কোনোরকমে সময় কাটালেও রাতে কনকনে ঠান্ডায় শরীর জমে যাওয়ার মতো অবস্থা। এমন সময়ে নাগেশ্বরী উপজেলায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন স্পর্শ ফাউন্ডেশন।

গত মঙ্গলবার সকালে নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়নের মাস্টার মোড় গ্রামে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে অংশ নিয়ে কম্বল পেয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন ষাটোর্ধ্ব আবেদ আলী। তিনি বলেন,
“এবার শীত বেশি পড়ছে। দিনে কোনোভাবে থাকলেও রাইতে ঠান্ডায় শরীর জমে যায়। আমারে কম্বলটা দিয়া তোমরা অনেক উপকার করলা। এই কম্বল গায়ে দিয়া কামকাজও করতে পারমু।”

কম্বল পেয়ে খুশি আরেক শীতার্ত বিধবা সালেহা বেগম (৬৫) বলেন, “ঠান্ডায় ঘরের বাইরে যাওয়া যায় না। হাত-পা কোকড়ায়ে যায়। বয়স হইছে, কামকাজ করতে পারি না। তোমাগো দেওয়া এই কম্বলটা আমার খুব কাজে দিব।”

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পনি মিয়া (৭০) বয়সের ভারে কাজ করতে পারেন না, তার ওপর অসুস্থতাও রয়েছে। কম্বল নিতে এসে তিনি বলেন,
“আমাগো মতো অসহায় মানুষের কথা আপনারা চিন্তা করছেন—আল্লাহ আপনাগো মঙ্গল করুক।”

স্পর্শ ফাউন্ডেশনের সভাপতি মাসুদ রানা বলেন, “আমাদের সদস্যদের সম্পূর্ণ নিজস্ব সহায়তায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। গ্রামের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান লক্ষ্য। সাধ্যমতো আমরা সবসময় সহযোগিতা করে যেতে চাই। এ ধরনের সেবামূলক কাজে সবার অংশগ্রহণ প্রয়োজন।”

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রভাষক হাবিবুর রহমান হাবু, বিশেষ অতিথি নবিউল্লাহ (অবসরপ্রাপ্ত ম্যানেজার, জনতা ব্যাংক), স্পর্শ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাহাবুর রহমান, সাংবাদিক আবু হাসান আনছারী, লাদেন মাহমুদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

শীতবস্ত্র পেয়ে অসহায় মানুষের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে, যা মানবিক উদ্যোগের গুরুত্ব আরও একবার স্মরণ করিয়ে দেয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here