ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে পিরোজপুরে ভোটারদের স্বস্তি ও প্রত্যাশা

0
160
নির্বাচন কমিশন (ইসি) / ছবি - সংগৃহীত

পিরোজপুর প্রতিনিধি :

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর জেলায় সাধারণ ভোটারদের মধ্যে স্বস্তি ও আশাবাদের আবহ তৈরি হয়েছে।

দীর্ঘদিন পর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের অধিকার ও সুশাসন প্রতিষ্ঠিত হবে—এমন প্রত্যাশাই করছেন জেলার সর্বস্তরের মানুষ।

পিরোজপুর সদরসহ বিভিন্ন উপজেলা ঘুরে দেখা গেছে, চায়ের দোকান, হাট-বাজার ও জনসমাগমস্থলে এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে আগামী নির্বাচন।

সাধারণ ভোটারদের ধারণা, এই নির্বাচনের মধ্য দিয়ে দেশে একটি জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা পাবে। বিশেষ করে গরিব, দুঃখী ও শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার রক্ষায় নতুন সরকার আপসহীন ভূমিকা রাখবে—এমন স্বপ্ন দেখছেন খেটে খাওয়া মানুষ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে স্থানীয় ভোটাররা বলেন, তারা এমন একটি বাংলাদেশ চান যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান নাগরিক অধিকার ভোগ করবে এবং শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করবে।

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে পারস্পরিক সহমর্মিতার ভিত্তিতে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠার প্রত্যাশাও তাদের।

পিরোজপুরের সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা মনে করেন, কেবল ক্ষমতার পরিবর্তনই যথেষ্ট নয়; ভেদাভেদ ভুলে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে দল-মত নির্বিশেষে সম্মিলিতভাবে কাজ করার মানসিকতা নিয়ে নতুন নেতৃত্বের সামনে আসার আহ্বান জানান তারা।

এদিকে ভোটারদের এই ইতিবাচক মনোভাব বজায় রাখতে এবং উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ভূমিকার ওপর গুরুত্ব দিচ্ছেন জেলার মানুষ।

পিরোজপুরবাসীর প্রত্যাশা—ত্রয়োদশ জাতীয় সংসদের মাধ্যমে গঠিত নতুন সরকারই হবে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশের নির্মাতা।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here