
নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা–বসুরবাজার সড়কের মেরামত কাজ নিয়ে এলাকায় ব্যাপক অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সংস্কারের নামে নিম্নমানের কাজ করায় কয়েক মাসের মধ্যেই সড়কটি আবারও বেহাল অবস্থায় পরিণত হয়েছে।
জানা গেছে, সড়কটির মূল ঠিকাদার ছিল মেসার্স প্রীতম এন্টারপ্রাইজ, মোক্তারপাড়া, নেত্রকোনা। পরবর্তীতে সাব-কন্ট্রাকের মাধ্যমে কাজটি বাস্তবায়ন করেন ঠিকাদার সেকুল ইসলাম খান।
সড়কের বিভিন্ন স্থানে আগে থেকেই বড় গর্ত থাকলেও মেরামতের সময় নতুন করে খোয়া না দিয়ে পুরোনো রাস্তা খুঁড়ে দায়সারা কাজ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এর ফলে ৩–৪ মাসের মধ্যেই সড়কের বিভিন্ন অংশে ভাঙন দেখা দিয়েছে এবং নতুন করে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এলাকাবাসী আরও জানান, প্রকল্পে রাস্তার মাটি কাটার কথা থাকলেও বাস্তবে কোনো মাটি কাটা হয়নি। এতে সড়কের উভয় পাশে ভাঙন দেখা দিয়েছে এবং কয়েকটি স্থানে সড়ক ধসে পড়েছে। পরিস্থিতি এতটাই নাজুক যে, বর্তমানে ওই সড়কে সিএনজি ও অটোরিকশা ছাড়া অন্য যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।
স্থানীয়দের অভিযোগ, দলীয় প্রভাব খাটিয়ে ইচ্ছাকৃতভাবে নিম্নমানের কাজ করা হয়েছে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। তারা দ্রুত সড়কটির টেকসই ও সঠিক সংস্কারের দাবি জানিয়েছেন।
জেলা কার্যালয় সূত্রে জানা যায়, উক্ত সড়কটি একটি উপজেলা সড়ক, যার নম্বর ৩৭২৪৭২০০২। নিয়ম অনুযায়ী এ ধরনের সড়ক উন্মুক্ত থাকার কথা। অথচ যানবাহন চলাচল কার্যত বন্ধ হয়ে পড়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং জনগণের ক্ষোভ দিন দিন বাড়ছে।
এ বিষয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
এই বাংলা/এমএস
টপিক
