পিরোজপুরের কদমতলা ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ও বিচারিক কার্যক্রমে সংকট

গ্রাম আদালত শক্তিশালীকরণ ও জনসেবা নিশ্চিত করতে কদমতলা ইউনিয়নে আধুনিক ভবনের দাবি

0
695
পিরোজপুরের কদমতলা ইউনিয়ন পরিষদ / ছবি - এই বাংলা

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী কদমতলা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম বর্তমানে চরম সংকটের মধ্য দিয়ে চলছে। নিজস্ব পর্যাপ্ত কক্ষ ও আধুনিক অবকাঠামোর অভাবে ব্যাহত হচ্ছে দাপ্তরিক কাজ, আর স্থবির হয়ে পড়েছে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম।

একটি আধুনিক ও ডিজিটাল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এখন এই অঞ্চলের কয়েক হাজার মানুষের প্রাণের দাবিতে পরিণত হয়েছে।

সরকার তৃণমূল পর্যায়ে বিচারিক সেবা পৌঁছে দিতে গ্রাম আদালতকে শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্ব দিলেও কদমতলা ইউনিয়নে অবকাঠামোগত সংকটে তা বাস্তবায়িত হচ্ছে না। একটি ইউনিয়ন পরিষদের সক্ষমতা অর্জনের জন্য যে ধরনের আলাদা বিচারিক এজলাস প্রয়োজন, তা এখানে নেই।

ফলে অত্যন্ত গোপনীয় ও সংবেদনশীল পারিবারিক মামলা এবং সামাজিক বিরোধের সালিশি কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে ঘিঞ্জি পরিবেশে। এতে বিচারপ্রার্থীরা স্বাচ্ছন্দ্যে তাদের অভাব-অভিযোগ তুলে ধরতে পারছেন না।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয় জনগণের মতে, গ্রাম আদালতকে আরও শক্তিশালী ও কার্যকর করতে হলে একটি সুসজ্জিত ও আলাদা বিচারিক কক্ষ সংবলিত ভবন নির্মাণ করা এখন সময়ের দাবি।

সরেজমিনে দেখা যায়, বর্তমান ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ও সচিব মহোদয়দের বসার জন্য যেমন পর্যাপ্ত জায়গা নেই, তেমনি মেম্বারদের জন্য নেই কোনো নির্দিষ্ট কক্ষ। ফলে সাধারণ মানুষের সাথে সমন্বয় করতে এবং দাপ্তরিক ফাইলপত্র সংরক্ষণ করতে সংশ্লিষ্টদের হিমশিম খেতে হচ্ছে। জন্ম নিবন্ধন, ওয়ারিশ কায়েম সনদসহ বিভিন্ন নাগরিক সেবা নিতে আসা সাধারণ মানুষ।

বিশেষ করে নারীরা বসার জায়গা না পেয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ভোগান্তি পোহাচ্ছেন। একটি আদর্শ ইউনিয়ন পরিষদের সক্ষমতা অর্জনের জন্য চেয়ারম্যান, সচিব ও মেম্বারদের পৃথক কক্ষসহ ডিজিটাল সেন্টারের জন্য যে আধুনিক পরিবেশ প্রয়োজন, তার কোনটিই বর্তমানে এখানে বিদ্যমান নেই।

স্থানীয়রা মনে করেন, পারিবারিক মামলা থেকে শুরু করে সকল ছোটখাটো সমস্যার দ্রুত ও স্বল্প ব্যয়ে সমাধানের জন্য গ্রাম আদালতকে শক্তিশালী করা সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত। আর এর জন্য প্রথম শর্ত হলো একটি সক্ষম প্রশাসনিক ভবন।

কদমতলা ইউনিয়নের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরিষদের নতুন ভবনের জন্য বর্তমানে দাপ্তরিক কাজ ও প্রক্রিয়া চলমান রয়েছে। তারা আশা করছেন, দ্রুত এই সমস্যার সমাধান হবে এবং নতুন ভবনের মাধ্যমে নাগরিকদের সর্বোচ্চ সেবা ও বিচারিক সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে।

কদমতলা ইউনিয়নের সাধারণ জনগণের জোরালো দাবি, সরকার যেন জনস্বার্থে দ্রুত একটি আধুনিক ও বহুতল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here