সোমবার, ১২ অক্টোবর ২০২৬

বকশীগঞ্জে নিখোঁজের তিন দিন পর নারীর পচাগলা মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদে ৪ জন

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

জামালপুরের বকশীগঞ্জে নিখোঁজের তিন দিন পর রোজিনা আক্তার (৩০) নামে এক নারীর পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার দক্ষিণ দত্তেরচর গ্রামে বাড়ির পাশের সড়কসংলগ্ন একটি ঝোপ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শাশুড়ি, ভাসুর ও ভাসুরের স্ত্রীসহ চারজনকে থানায় নেওয়া হয়েছে।

নিহত রোজিনা আক্তার দক্ষিণ দত্তেরচর গ্রামের ওয়াজেদ আলীর মেয়ে। তাঁর স্বামীর নাম ইয়াকুব আলী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৯ অক্টোবর) জুমার নামাজের পর থেকে নিখোঁজ ছিলেন রোজিনা। সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে স্থানীয় লোকজন বাড়ির পাশের সড়কসংলগ্ন ঝোপ থেকে দুর্গন্ধ পেয়ে সেখানে খোঁজাখুঁজি করেন। এ সময় তাঁরা এক নারীর পচাগলা মরদেহ দেখতে পান। পরে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি রোজিনার বলে শনাক্ত করেন এবং পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শাশুড়ি নুরেজা বেগম (৬৫), ভাসুর কোব্বাত আলী (৪০), ভাসুরের স্ত্রী জহুরা বেগম (৫০) ও জোসনা বেগমকে (৩৫) থানায় নেওয়া হয়েছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, এ ঘটনায় চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

এই সম্পর্কিত আরো খবর