২৪ ঘণ্টার মধ্যে নষ্ট সড়কবাতি মেরামতের নির্দেশ ময়মনসিংহ সিটি প্রশাসকের

ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহ নগরবাসীকে নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে সিটি কর্পোরেশনের বিদ্যুৎ শাখার কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন। একই সঙ্গে দায়িত্ব পালনে অবহেলা করলে কঠোর বিভাগীয় ব্যবস্থারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সোমবার (৩ আগস্ট) সকাল ১০টায় নগর ভবনের প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক বিশেষ সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় সিটি কর্পোরেশনের তিন অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা, বিদ্যুৎ শাখার নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় প্রশাসক বলেন, “নগরবাসীর দৈনন্দিন জীবনযাত্রা স্বাভাবিক রাখতে সড়কবাতির কার্যকারিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোথাও সড়কবাতি নষ্ট হলে ২৪ ঘণ্টার মধ্যে তা মেরামত করতে হবে। বিদ্যুৎ সংক্রান্ত যেকোনো অভিযোগও অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত নিষ্পত্তি করতে হবে।”

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি আরও বলেন, “নাগরিক সেবাই আমাদের মূল লক্ষ্য। বিদ্যুৎ শাখার প্রতিটি সদস্যকে আন্তরিকতা, জবাবদিহিতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সেবার মান নিয়ে কোনো অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”

প্রশাসক নগরীর বিভিন্ন এলাকায় সড়কবাতির অপ্রতুলতা ও রক্ষণাবেক্ষণে ধীরগতির বিষয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, অন্ধকার সড়ক দুর্ঘটনা ও অপরাধের ঝুঁকি বাড়ায়। তাই নগরীকে আলোকিত ও নিরাপদ রাখতে বিদ্যুৎ শাখাকে আরও সক্রিয় হতে হবে।

সভা শেষে তিনি আগামী সাত দিনের মধ্যে নগরীর সব সড়কবাতি পরিদর্শন করে ত্রুটিপূর্ণ বাতির তালিকা জমা দেওয়ার নির্দেশ দেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রশাসকের নির্দেশনার পর বিদ্যুৎ শাখার কার্যক্রমে গতি এসেছে। দ্রুত সেবার মাধ্যমে নগরবাসীর ভোগান্তি কমবে বলেও তারা আশা প্রকাশ করেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here