বকশীগঞ্জ প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের নতুন বাসকান্দা বাজারে পৈতৃক সম্পত্তি দীর্ঘ ১৭ বছর ধরে দখলে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবার জানিয়েছে, প্রভাব খাটিয়ে তাদের জমির ওপর নির্মিত দোকানঘর এখনো দখলে রাখা হয়েছে এবং এ দীর্ঘ সময়ে কোনো ভাড়াও পরিশোধ করা হয়নি।
অভিযোগ অনুযায়ী, সাবেক নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগ নেতা আব্দুর সাত্তার প্রথমে প্রকৃত মালিক মো. সুন্দর আলীর মায়ের কাছ থেকে ১০ বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে সম্পত্তিটি নেন। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও অতিরিক্ত সময়সহ মোট ১৭ বছর পার হলেও জমি বুঝিয়ে দেওয়া হয়নি বলে দাবি মালিকপক্ষের।
বর্তমানে নিলক্ষিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আজাহার আলী নালু ওই জমির ওপর দোকানঘর নির্মাণ করে দখলে রয়েছেন বলে জানা গেছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ভুক্তভোগী সুন্দর আলী ও তার ওয়ারিশদের দাবি, গত ১৭ বছরে তারা কোনো ভাড়া পাননি। একাধিকবার দোকানঘর ছেড়ে দেওয়ার অনুরোধ জানালেও বিভিন্ন অজুহাতে তা এড়িয়ে যাওয়া হয়েছে। তবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আজাহার আলী নালু দোকানঘর ছেড়ে দিতে সম্মত হয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে ভুক্তভোগী পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে তাদের পৈতৃক সম্পত্তি দ্রুত বুঝিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত বিষয়টির সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন।
এই বাংলা/এমএস
টপিক

