সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি :
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার একটি আবাসিক মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হওয়ার ১৫ দিন পর দুই শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে ঢাকার সাভারের একটি বাসা থেকে তাদের উদ্ধার করা হয়।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন এবং মাদ্রাসা কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও মাদ্রাসা সূত্রে জানা যায়, দুই শিক্ষার্থী সাটুরিয়ার জামিয়া জয়নব বিনতে জাহাশ (রা.) সৈয়দা গুলজান বেগম মহিলা মাদ্রাসা-এর আবাসিক শাখার ছাত্রী। গত ৩ জুলাই দুপুরে তারা পরিচয় গোপন করে মাদ্রাসা থেকে বের হয়ে যায়। এরপর দীর্ঘ ১৫ দিনেও তারা মাদ্রাসা বা নিজ বাড়িতে ফিরে না আসায় উদ্বেগ দেখা দেয়।
পরিবার ও মাদ্রাসা কর্তৃপক্ষ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে গত ৯ জুলাই সাটুরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে।
শনিবার সাভারের একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে দুই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানের সময় তাদের অভিভাবক ও মাদ্রাসা কর্তৃপক্ষও উপস্থিত ছিলেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পারিবারিক সূত্রে জানা গেছে, চাকরির প্রলোভনে তারা সাভারে একটি বাসা ভাড়া নিয়ে গত ১৫ দিন সেখানে অবস্থান করছিল।
নিখোঁজ শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা জানান, গত দুই সপ্তাহ তারা চরম দুশ্চিন্তা ও উৎকণ্ঠার মধ্যে ছিলেন। সন্তানদের সুস্থ ও নিরাপদ অবস্থায় ফিরে পাওয়ায় তারা পুলিশ ও মাদ্রাসা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এ বিষয়ে সাটুরিয়া থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, “তথ্যপ্রযুক্তির সহায়তায় শিক্ষার্থীদের অবস্থান শনাক্ত করে নিরাপদে উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
এই বাংলা/এমএস
টপিক

