স্টাফ রিপোর্টার :
নাটোরের নলডাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী হালতি বিল সংরক্ষণ এবং এর পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে হালতি বিল সংরক্ষণ ও পর্যটন বিকাশ কমিটির উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ জুলাই) নলডাঙ্গা উপজেলার পাটুল বাজারে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল এমরান খান। সভা সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন।
সভায় স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, নৌকার মাঝিদের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামতের ভিত্তিতে হালতি বিলে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও জীববৈচিত্র্য সংরক্ষণে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে পর্যটকদের জন্য ছোট, মাঝারি ও বড় নৌকার ভাড়া এবং চলাচলের সময় নির্ধারণ, প্রতিটি নৌকায় লাইফ জ্যাকেট, লাইফ বয়া (টায়ার) ও বজ্রপাত-সংক্রান্ত জরুরি নিরাপত্তা সরঞ্জাম রাখার নির্দেশনা এবং বৈধ নৌকার মাঝিদের নিবন্ধনের আওতায় আনার উদ্যোগ উল্লেখযোগ্য।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সভায় হালতি বিলের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, দখল ও দূষণ প্রতিরোধ, পর্যটনবান্ধব অবকাঠামো উন্নয়ন এবং স্থানীয় জনগণের অংশগ্রহণের মাধ্যমে বিলটিকে একটি আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা পরিবেশগত ভারসাম্য বজায় রেখে পরিকল্পিত পর্যটন উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, পৌরসভার সাবেক প্রশাসক এম. এ. হাফিজ, পিপরুল ও খাজুরা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, হালতি বিলের নৌকার মাঝিদের সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, নৌকার মাঝি, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এই বাংলা/এমএস
টপিক

