নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর হাতিয়ায় বিএনপির একাংশের আয়োজিত গণসমাবেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবি উঠেছে। উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় জনগণ হাত তুলে এ দাবি জানান।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় হাতিয়া মহিলা কলেজ মাঠে আয়োজিত “সম্প্রীতি, বাস্তবতা ও রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা—৩১ দফা” বিষয়ক আলোচনা সভা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির প্রার্থী মাহাবুবের রহমান শামীমকে পরিবর্তন করে সাবেক সংসদ সদস্য ও আজিম গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিমকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মো. আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামীমা আজিম, প্রকৌশলী মোহাম্মদ ফারহান আজিম, পৌর বিএনপির সাবেক সভাপতি কাজী মাওলানা আবদুর রহিম, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট আবদুস সালাম, এডভোকেট মো. ইউনুছ, মোসলেহ উদ্দিন নিজাম চৌধুরী ও সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদ প্রমুখ।
বক্তব্যে ফজলুল আজিম বলেন, “১৭ বছর ধরে তারেক রহমান স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে দলকে শক্তিশালী করেছেন। আমিও হাতিয়ার উন্নয়ন ও দলের স্বার্থে সবসময় কাজ করেছি। অতীতে যেমনভাবে আপনারা আমার পাশে ছিলেন, এবারও থাকলে আমরা সফল হব।” তিনি আগামী নির্বাচনে তার ছেলে প্রকৌশলী মোহাম্মদ ফারহান আজিমকে সহযোগিতা করার অনুরোধ জানান।
গণসমাবেশে বিকেল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও মিছিল নিয়ে মাঠে আসেন। মাঠজুড়ে ধানের শীষ ও “হাতিয়ার উন্নয়নে ফজলুল আজিমকে চাই” লেখা ব্যানারে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সাবেক এমপি ফজলুল আজিম নিজের ও তার সন্তানের বিএনপি সদস্যপদ নবায়নের মাধ্যমে দলের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন।
এই বাংলা/এমএস
টপিক

