হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :
মানিকগঞ্জের হরিরামপুরে ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ করা হয়েছে। কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কৃষকদের অর্থনৈতিক সক্ষমতা জোরদারের লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
মঙ্গলবার দুপুরে ব্র্যাকের ঝিটকা শাখায় আয়োজিত অনুষ্ঠানে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার ও এর গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানে কৃষকদের মাঝে পাওয়ার টিলার, গার্ডেন টিলার, মুড়ি তৈরির যন্ত্র, কীটনাশক ছিটানোর যন্ত্র, পঙ্খিরাজ গাড়ি এবং সৌরচালিত সেচ পাম্পসহ বিভিন্ন কৃষিযন্ত্র বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান খান বলেন, “বাপ-দাদার আমলের কৃষির মতো কৃষি এখন আর নেই। কৃষি একটি বিজ্ঞান, আর সেই কৃষিও এখন আধুনিক হয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বাড়াতে হবে।”
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বিশেষ অতিথির বক্তব্যে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেন বলেন, “আধুনিক যন্ত্রপাতির ব্যবহার কৃষিকে আরও গতিশীল ও উৎপাদনমুখী করছে। প্রযুক্তিনির্ভর কৃষি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের ম্যানেজার মাছুম বিল্লাহ, জেলা সমন্বয়ক শফিকুল ইসলাম, এরিয়া ম্যানেজার আতাউর রহমান, টেকনিক্যাল সাপোর্ট কর্মকর্তা ফজলে রাব্বি ও খালেদ হোসেন, শাখা ব্যবস্থাপক শহিদুল ইসলামসহ স্থানীয় কৃষক ও উপকারভোগীরা।
অনুষ্ঠান শেষে উপকারভোগী কৃষকদের হাতে কৃষিযন্ত্র তুলে দেওয়া হয় এবং আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি সম্প্রসারণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

