স্বেচ্ছাশ্রমে রাজাপুরে ৪ কিলোমিটার দীর্ঘ কবিরাজবাড়ি খাল পরিষ্কার কার্যক্রম শুরু

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির রাজাপুরে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ কবিরাজবাড়ি খাল পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকালে সদর এলাকার দক্ষিণ বাজার জালিয়াবাড়ি এলাকা থেকে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

খান বাড়ি ও সিকদার বাড়ির উদ্যোগে এবং জাকির খানের নেতৃত্বে পরিচালিত এ পরিচ্ছন্নতা অভিযানে বিভিন্ন বয়সী অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী অংশ নেন। খালের পানিপ্রবাহ স্বাভাবিক রাখা এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে তারা কচুরিপানা, আগাছা ও জমে থাকা বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনা অপসারণ করেন।

উদ্যোক্তারা জানান, সম্প্রতি খালটি খনন করা হলেও কচুরিপানা ও নানা ধরনের বর্জ্যে আবারও ভরাট হয়ে পড়েছে। ফলে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি বেড়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অভিযানের নেতৃত্বদানকারী জাকির খান বলেন, “তুলাতলা, বাইপাস, টিএন্ডটি, বাজার ও পুরাতন জেলখানাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা দিয়ে খালটি প্রবাহিত হয়েছে। কিন্তু বিভিন্ন স্থানে বাঁধ, দখল এবং কচুরিপানা জমে থাকায় পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। কৃষি, পরিবেশ সংরক্ষণ এবং জলাবদ্ধতা নিরসনে খালটির গুরুত্ব অনেক। তাই স্থানীয়দের সহযোগিতায় আমরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছি।”

তিনি আরও জানান, খালের কয়েকটি স্থানে নির্মিত মাটির বাঁধ পর্যায়ক্রমে অপসারণ করা হবে, যাতে পানির প্রবাহ নির্বিঘ্ন রাখা যায়।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, খালটি নিয়মিত পরিষ্কার ও সংরক্ষণ করা গেলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে এবং এলাকার পরিবেশের উন্নয়ন ঘটবে।

উদ্যোক্তারা জানান, খাল রক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের স্বেচ্ছাশ্রমভিত্তিক কার্যক্রম অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here