নিজস্ব প্রতিবেদক :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার এক প্রবাসীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও একজন বাংলাদেশি নিহত হয়েছেন।
নিহত নুর আলম (৪৫) নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়নের বাসদাই গ্রামের মরহুম খলিল সওদাগরের ছেলে। তিনি সৌদি আরবের রিয়াদে ব্যবসা করতেন। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ব্যবসায়িক কাজে জেদ্দায় যাওয়ার পর ফেরার পথে আফিফ এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন নুর আলম। এ সময় তার সঙ্গে থাকা কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ইদ্রিস মিয়াও নিহত হন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সৌদি আরবে অবস্থানরত নিহতের স্বজন মনির হোসেন জানান, দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে নুর আলম, ইদ্রিস মিয়া এবং এক সৌদি নাগরিক নিহত হন। দুর্ঘটনায় গাড়িচালক গুরুতর আহত হয়েছেন।
নুর আলমের মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্ত্রী দ্রুত মরদেহ দেশে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন।
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রায়হান জানিয়েছেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

