নিজস্ব প্রতিবেদক :
ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস ইজাবসের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে বৈঠক করেছে।
প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের আসন্ন গণভোট, সংসদ নির্বাচন, রাষ্ট্রীয় সংস্কার এবং সংবিধান সংশোধন নিয়ে আলোচনা হয়। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে এসব বিষয়ে জানতে চাইলে এর প্রেক্ষাপট ও পটভূমি তুলে ধরে জুলাই সনদের বিভিন্ন দিক ব্যাখ্যা করেন আলী রীয়াজ।
বৈঠকে অধ্যাপক আলী রীয়াজ বলেন, গণতান্ত্রিক পথযাত্রাকে সুন্দর ও মসৃণ করতে এবং ভবিষ্যতে যেন মানুষের অধিকার আর বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে প্রয়োজনীয় সংস্কার উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি জানান, দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রায় নয় মাস ধরে ধারাবাহিক আলোচনার মাধ্যমে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে এবং এতে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
জুলাই সনদ বাস্তবায়নে আশাবাদ ব্যক্ত করে আলী রীয়াজ বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে ইউরোপীয় ইউনিয়নের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলনেতা ইভারস ইজাবস বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে অব্যাহত সমর্থনের আশ্বাস দেন। তিনি বলেন, গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি ইউরোপীয় ইউনিয়ন বরাবরই শ্রদ্ধাশীল। সেই লক্ষ্য বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ এবং গণভোট আয়োজনের প্রতি ইউরোপীয় ইউনিয়নের সমর্থন রয়েছে।
ইভারস ইজাবস আরও আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের একটি নতুন অধ্যায় শুরু হবে। পাশাপাশি গণতান্ত্রিক বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক আগামী দিনে আরও সুদৃঢ় হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন উপপ্রধান নির্বাচন পর্যবেক্ষক ইন্টা লাসে, রাজনৈতিক বিশ্লেষক মার্সেল নাগি, ক্যালেরি রিকার্ডো, এইরিনি গৌনারি এবং অ্যান মার্লবরো।
এই বাংলা/এমএস
টপিক

