সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সদর এলাকার ঘোষপাড়া মহল্লায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রঞ্জিত কুমার ঘোষের পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী রঞ্জিত কুমার ঘোষ জানান, দীর্ঘদিনের জমি বিরোধের জেরে সাইদুর ইসলাম, ওয়াজেদ আলীর ছেলে ও আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তাদের ওপর হামলা চালায়।
এ সময় পরিবারের সদস্যদের মারধর করা হয় এবং বাড়িঘরে ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও করেন তিনি। পাশাপাশি প্রতিপক্ষের পক্ষ থেকে মামলা দিয়ে হয়রানির হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
অন্যদিকে বিপরীত পক্ষ সাইদুর ইসলাম বলেন, তাদের বৈধ দলিলপত্র থাকা সত্ত্বেও তাদের জায়গায় কাজ করতে বাধা দেওয়া হচ্ছে। এ নিয়ে একাধিকবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ হলেও সমাধান হয়নি বলে তিনি দাবি করেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উভয় পক্ষকে শান্ত থাকার নির্দেশ দেন। পাশাপাশি বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই জমিতে কোনো কাজ না করার নির্দেশ দেওয়া হয়।
আহতদের চিকিৎসার জন্য তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানা গেছে। স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

