সাটুরিয়ায় শত শত শিক্ষার্থীর মাদকবিরোধী শপথ অনুষ্ঠিত মানববন্ধন

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি :

 

মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে মাদকাসক্তির ঝুঁকি থেকে দূরে রাখতে মানিকগঞ্জের সাটুরিয়ায় মাদকবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার ঐতিহ্যবাহী হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

‘মাদককে না বলুন, মাদকমুক্ত দেশ গড়ুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে শত শত শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের হাতে ছিল মাদকবিরোধী বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কর্মসূচিকে প্রাণবন্ত করে তোলে।

পরে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফাতেমা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, চিকিৎসক, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, মাদক সমাজের জন্য একটি বড় হুমকি। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহ প্রভাব থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ এবং প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তারা মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং যুব সমাজকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী মাদকের বিরুদ্ধে সচেতন থাকার এবং নিজ নিজ অবস্থান থেকে মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করার শপথ গ্রহণ করেন।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here