সাটুরিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ১৫ দোকান ভস্মীভূত, কোটি টাকার ক্ষতি

সাটুরিয়া প্রতিনিধি :

 

​মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দড়গ্রাম বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বুধবার গভীর রাতে সংঘটিত এই অগ্নিকাণ্ডে বাজারের অন্তত ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে তাদের প্রায় দুই কোটি টাকার সমপরিমাণ সম্পদ নষ্ট হয়েছে।

​​স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাত আনুমানিক ১টার দিকে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে সাটুরিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে মূল্যবান মালামালসহ ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

​ঘটনার পর সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আসাদুজ্জামান আসাদ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান এবং আগুনের সূত্রপাত খতিয়ে দেখার আশ্বাস দেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

​এছাড়া দুর্ঘটনাকবলিত এলাকা পরিদর্শন করেন সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন এবং সাধারণ সম্পাদক আবুল বাশার সরকারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। তারা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন।

​​মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই তাৎক্ষণিক পদক্ষেপ নেন।

তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের লক্ষ্যে প্রাথমিক আর্থিক সহায়তা প্রদান করেন। মন্ত্রীর এই দ্রুত সাড়ায় ক্ষতিগ্রস্তদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে।

এই বাংলা/এমএস

টপিক 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here