সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি :
মানিকগঞ্জের সাটুরিয়ার বরাইদ ইউনিয়নের ছনকা এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে।
মঙ্গলবার (৫ মে) বেলা ১১টার দিকে পূর্ব ছনকা (জজ মিয়ার পাড়) গ্রামে মোঃ জনি মিয়ার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
ভুক্তভোগী জনি মিয়া জানান, বেলা ১১টার দিকে হঠাৎ বৈদ্যুতিক ত্রুটি (শর্ট সার্কিট) থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।
আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে, ঘরের ভেতর থেকে কোনো আসবাবপত্র বা মালামাল বের করা সম্ভব হয়নি। খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ততক্ষণে ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
তিনি আরও বলেন, আগুনে একটি ফ্রিজ, টেলিভিশন, আলমারি (ওয়ার্ডরোব), মোবাইল ফোন, আসবাবপত্র, লেপ-তোষক এবং প্রয়োজনীয় কাপড় ও খাদ্যদ্রব্য পুড়ে গেছে। এছাড়া ঘরে থাকা নগদ ৫২ হাজার টাকাও আগুনে পুড়ে গেছে। সব মিলিয়ে প্রায় ৩ লক্ষ ৫০ হাজার টাকার আর্থিক ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
স্থানীয়রা বলেন, পুড়ে যাওয়া এই একটি মাত্র ঘরেই তিনি স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন। বর্তমানে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে তারা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। সরকারি বা বেসরকারি সহযোগিতার পাশাপাশি বিত্তবানদের জনি মিয়ার পাশে দাড়ানো জন্য আহবান জানান তারা।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন বলেন, মানবিক সহায়তার জন্য ইউএনও বরাবর আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।
এ বিষয়ে সাটুরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খলিলুর রহমান মোল্লা জানান, ভুক্তভোগীর আবেদনের প্রেক্ষিতে তাকে সহযোগিতা করা হবে।
এই বাংলা/এমএস
টপিক

