সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের সদরপুর উপজেলায় ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম প্রিয়া, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-মামুন এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুত জামান বদু।
এছাড়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ এবং সুধীজন সভায় অংশগ্রহণ করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
আলোচনা সভায় জুলাই শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বক্তারা তাঁদের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন এবং জাতীয় ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ ও দেশপ্রেম জাগ্রত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভা শেষে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিবসের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সহযোগিতাকারী সকলকে ধন্যবাদ জানানো হয়।
দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত, মন্দিরসহ অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

