নকলা (শেরপুর) প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে শেরপুর-জামালপুর সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয়তাবাদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা পারভেছুন নাহার নিপু।
তিনি ১০ এপ্রিল রোজ শুক্রবার দলীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
শেরপুর জেলার নকলা উপজেলার কৃতি সন্তান পারভেছুন নাহার নিপু দীর্ঘদিন ধরে রাজপথের সংগ্রামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সাহসী নেতৃত্ব, ত্যাগ ও নির্যাতনের মধ্য দিয়ে নিজেকে একজন পরীক্ষিত ও নির্ভরযোগ্য কর্মী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
দলের দুঃসময়ে তার দৃঢ় অবস্থান ও আত্মত্যাগ তাকে তৃণমূল নেতাকর্মীদের কাছে আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলেছে। নানা প্রতিকূলতা সত্ত্বেও তিনি সবসময় মাঠে সক্রিয় থেকে সংগঠনকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন।
দলীয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে তিনি ফরম সংগ্রহ করেছেন এবং বর্তমানে দলের নীতিনির্ধারকদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।
তার এই অগ্রযাত্রাকে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা অত্যন্ত ইতিবাচকভাবে দেখছেন। তাদের মতে, তৃণমূল থেকে উঠে আসা একজন ত্যাগী ও পরীক্ষিত নারী নেত্রীর এ ধরনের অগ্রগতি দেশের রাজনীতিতে নারীর দৃঢ় অবস্থান ও নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
এদিকে তার মনোনয়ন ফরম সংগ্রহকে ঘিরে এলাকায় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনেকেই এটিকে তার দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেছেন।
এই বাংলা/এমএস
টপিক

