গাজীপুর প্রতিনিধি :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান ন্যাশনাল কলেজ অব হোম ইকোনমিক্স-এর উদ্যোগে “নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬” রবিবার (২১ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য ও কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় বা কলেজজীবনে প্রবেশ একজন শিক্ষার্থীর জীবনে নতুন সম্ভাবনা, নতুন স্বপ্ন ও নতুন দায়িত্ববোধের সূচনা করে। নবীন বরণ শুধু আনুষ্ঠানিক স্বাগত নয়, এটি জ্ঞানচর্চা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা, সৃজনশীলতা ও আত্মউন্নয়নের নতুন অভিযাত্রার সূচনা।
তিনি আরও বলেন, উচ্চশিক্ষার উদ্দেশ্য কেবল ভালো ফলাফল বা সনদ অর্জন নয়; বরং একজন শিক্ষার্থীকে দক্ষ, মানবিক, সৃজনশীল, আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা। বর্তমান প্রযুক্তিনির্ভর ও প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার্থীদের সময়োপযোগী জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে।
উপাচার্য শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের গণ্ডি ছাড়িয়ে নেতৃত্বগুণ, গবেষণামনস্কতা, নৈতিকতা ও সহমর্মিতার চর্চার আহ্বান জানান। তিনি বলেন, সহশিক্ষা কার্যক্রম, সাংস্কৃতিক চর্চা, সেবামূলক উদ্যোগ এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার সঙ্গে সম্পৃক্ততার মাধ্যমে একজন শিক্ষার্থীর ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ ঘটে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান। তিনি বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে জ্ঞান, দক্ষতা, গবেষণামনস্কতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ অপরিহার্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক নূরুন নাহার বেগম। তিনি নবীন শিক্ষার্থীদের কলেজ পরিবারের সদস্য হিসেবে স্বাগত জানিয়ে নিয়মিত অধ্যয়ন ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। পরে নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বক্তব্যের শেষে উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আজকের নবীনরাই আগামী দিনের আলোকিত বাংলাদেশ গড়ার কারিগর। নিজেদের মেধা, মনন ও সৃজনশীলতাকে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে।”

