ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুরে ২০২৪-২০২৫ অর্থবছরের গাইডিং কার্যক্রম সম্প্রসারণকে আরও গতিশীল করতে প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে রাজাপুর সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে উপজেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হাসান। সভার সভাপতিত্ব করেন উপজেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের স্থানীয় কমিশনার ইনুন নাহার বেগম।
বক্তব্য দেন জেলা গার্লস গাইড কমিশনার সৈয়দা আফরোজা, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম, বাগেরহাট শরীরচর্চা শিক্ষা কলেজের সাবেক অধ্যক্ষ শাহ জাহান মোল্লা, মাদ্রাসা সুপার ফজলে আলী ও সহকারী প্রধান শিক্ষক ফেরদৌসী ইয়াসমিন।
বক্তারা বলেন, গাইডিং কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বগুণ, আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করে। বিদ্যালয় পর্যায়ে গাইডস আন্দোলনকে আরও ব্যাপক করা এবং শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়াতে প্রতিষ্ঠান প্রধানদের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সরকারি ও বেসরকারি পর্যায়ে এই কার্যক্রমকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক ও গার্ল গাইডস সদস্যরা অংশগ্রহণ করেন।
এই বাংলা/এমএস
টপিক

