রমজানে বাজার স্থিতিশীল রাখতে গাজীপুর সিটি করপোরেশনের মনিটরিং জোরদার

রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে গাজীপুর সিটি করপোরেশন / ছবি - এই বাংলা

গাজীপুর প্রতিনিধি :


পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে এবং বাজারে অস্থিরতা রোধে বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করেছে গাজীপুর সিটি করপোরেশন।

এ লক্ষ্যে রোববার (৮ মার্চ) সকালে নগরীর বিভিন্ন কাঁচাবাজার ও ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন গাজীপুর সিটি প্রশাসক মো. শওকত হোসেন সরকার এবং গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান।

সকাল থেকেই তারা গাজীপুরের ব্যস্ততম জয়দেবপুর ও চৌরাস্তা এলাকার বিভিন্ন কাঁচাবাজার, মুদি দোকান, মাছের আড়ত, মাংসের দোকান ও মুরগির দোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিভিন্ন বিক্রয়কেন্দ্র ঘুরে দেখেন। এ সময় বাজারে পণ্যের মূল্যতালিকা টাঙানো হয়েছে কিনা, নির্ধারিত দামে পণ্য বিক্রি করা হচ্ছে কিনা, সঠিক ওজন ব্যবহার করা হচ্ছে কিনা এবং পণ্যের মান কেমন—এসব বিষয় খতিয়ে দেখা হয়।

পরিদর্শনকালে সিটি প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তা বাজারের ব্যবসায়ী, বিক্রেতা ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন। তারা ব্যবসায়ীদের সরকারি নির্দেশনা মেনে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান জানান এবং কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করার জন্য সতর্ক করেন।

এ সময় অনেক ক্রেতা অভিযোগ করেন, কিছু দোকানে নির্ধারিত মূল্য তালিকা টাঙানো নেই এবং কয়েকটি পণ্যের দাম তুলনামূলক বেশি রাখা হচ্ছে। এসব অভিযোগের বিষয়গুলো তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নজরে এনে সতর্ক করা হয় এবং নিয়ম মেনে ব্যবসা পরিচালনার নির্দেশ দেওয়া হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সিটি প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, “রমজান মাসকে কেন্দ্র করে কেউ যাতে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে বা অযৌক্তিকভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়াতে না পারে, সে জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। সাধারণ মানুষের স্বার্থের বিরুদ্ধে কোনো অসাধু ব্যবসায়ী বা মজুতদার কাজ করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান বলেন, “রমজান মাসে বাজারে চাহিদা বাড়ে। এই সুযোগে কেউ যেন অতিরিক্ত মুনাফা করার চেষ্টা না করে, সে জন্য আমরা বাজারগুলোতে সরাসরি তদারকি করছি। ব্যবসায়ীদের নির্ধারিত মূল্য তালিকা টাঙানো, সঠিক ওজন ব্যবহার এবং মানসম্মত পণ্য বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, নগরবাসীর স্বার্থ রক্ষা এবং বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সিটি করপোরেশন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। কেউ নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রমজান মাসজুড়ে গাজীপুর মহানগরের বিভিন্ন বাজারে নিয়মিত মনিটরিং ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। এর মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা, ভেজাল ও অনিয়ম প্রতিরোধ করা এবং সাধারণ ভোক্তাদের স্বস্তি নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here