যশোর প্রতিনিধি :
যশোরের কোতোয়ালি থানার আরবপুর ইউনিয়নের সুজলপুর তেঁতুলতলা এলাকায় মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে এ বিস্ফোরণ ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
প্রত্যক্ষদর্শীরা জানান, তেঁতুলতলা মোড় এলাকার বাসিন্দা মো. রফিক (৫৫), মো. শরিফুল ইসলাম (৪৮) ও মো. নজরুল ইসলাম (৫০)-এর বাড়ির আশপাশে হঠাৎ জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে বাইরে এসে দেখা যায় জানালা ও গেটের পাশে বিস্ফোরণের চিহ্ন রয়েছে।
স্থানীয়দের ধারণা, অজ্ঞাত দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। কেউ কেউ মনে করছেন, পূর্ব রাজনৈতিক বিরোধের জের ধরেই এই হামলার ঘটনা ঘটতে পারে। এলাকাবাসীর একাংশের মতে, ভুক্তভোগীরা পূর্বে আওয়ামী লীগ সমর্থক ছিলেন, হয়তো প্রতিপক্ষ রাজনৈতিক পক্ষের কেউ এতে জড়িত থাকতে পারে।
বিস্ফোরণের পর ভুক্তভোগীরা জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন দিলে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত তদন্ত চলছে এবং দোষীদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

