মানিকগঞ্জে শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন সাটুরিয়া থানার আরিফ খান

​সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি :

 

​মানিকগঞ্জ জেলায় আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল এবং দাপ্তরিক দক্ষতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জেলার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) নির্বাচিত হয়েছেন সাটুরিয়া থানার এসআই (নিরস্ত্র) মো. আরিফ খান।

রোববার (২৯ মার্চ) দুপুরে মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আনুষ্ঠানিকভাবে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

​পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, সাটুরিয়া থানায় কর্মরত থাকাকালীন মাদক উদ্ধার অভিযান পরিচালনা, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার এবং গুরুত্বপূর্ণ মামলাগুলোর দ্রুত ও নিখুঁত তদন্ত সম্পন্ন করার ক্ষেত্রে বিশেষ পারদর্শিতা দেখিয়েছেন এসআই আরিফ খান। তার এই কর্মদক্ষতা ও পেশাদারিত্ব বিবেচনা করেই তাকে জেলার শ্রেষ্ঠ কর্মকর্তার মর্যাদা দেওয়া হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বলেন, “জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের সততা ও নিষ্ঠার কোনো বিকল্প নেই। যারা পেশাদারিত্বের মাধ্যমে নিজেদের প্রমাণ করছেন, এই পুরস্কার তাদের কাজের গতি আরও বাড়িয়ে দেবে এবং অন্যদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।”

​সম্মাননা পাওয়ার পর এসআই মো. আরিফ খান তার প্রতিক্রিয়ায় বলেন, “যেকোনো কাজের স্বীকৃতি দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দেয়। এই অর্জনের কৃতিত্ব সাটুরিয়া থানার অফিসার ইনচার্জসহ (ওসি) পুরো টিমের। আগামীতেও জনগণের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে আমি সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করে যাব।”

​পুরস্কার প্রদান অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মহরম আলী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, পিপিএমসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ (ওসি) এবং ডিবি পুলিশের কর্মকর্তারা।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here