সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি :
মানিকগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) হিসেবে সম্মাননা ও পুরস্কার পেয়েছেন সাটুরিয়া থানায় কর্মরত এসআই (নিরস্ত্র) মোহাম্মদ মোজাম্মেল হক। আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং দায়িত্ব পালনে প্রশংসনীয় ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
মঙ্গলবার (১৪ জুলাই) মানিকগঞ্জ পুলিশ লাইন্সের মাল্টিপারপাস হলে আয়োজিত অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম তার হাতে সম্মাননা স্মারক ও অর্থ পুরস্কার তুলে দেন।
এ সময় মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, পিপিএম এবং সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সহকর্মীর এ অর্জনে আনন্দ প্রকাশ করে ওসি মো. মোশারফ হোসেন বলেন, “এসআই মোজাম্মেল হকের এই অর্জন সাটুরিয়া থানা পুলিশের জন্য গর্বের। তাঁর সততা, নিষ্ঠা ও জনসেবার মানসিকতার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা এসেছে। এই স্বীকৃতি থানার অন্যান্য সদস্যদেরও পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনে উৎসাহিত করবে।”
সম্মাননা গ্রহণের পর এসআই মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, এই স্বীকৃতি তার দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। তিনি সাটুরিয়া থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষকে দ্রুত ও কার্যকর পুলিশি সেবা দিতে সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বলেন, ভালো কাজের স্বীকৃতি পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে এবং পেশাদারিত্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

