গাজীপুর প্রতিনিধি :
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. জি.কে.এম. মুস্তাফিজুর রহমান বলেছেন, প্রকৃত সাফল্য কেবলমাত্র একাডেমিক ফলাফলের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং সহানুভূতিশীল, নীতিবান ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠাই সত্যিকারের সাফল্যের পরিচায়ক। মানবিক মানুষ হয়ে ওঠাকেই সাফল্যের মূল মানদণ্ড হিসেবে বিবেচনা করা উচিত বলেও তিনি মন্তব্য করেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাকৃবি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ২০২৬ ব্যাচের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধুমাত্র পরীক্ষার ফলাফলের দিকে নজর না দিয়ে সততা, নৈতিকতা ও সময়ানুবর্তিতার মতো গুণাবলি অর্জন করতে হবে। তিনি শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখতে, সাহসের সঙ্গে লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবিক মূল্যবোধ ধারণ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাফিউল ইসলাম আফরাদ, রেজিস্ট্রার মো. আব্দুল্লাহ মৃধা, গবেষণা পরিচালক অধ্যাপক ড. মো. মশিউল ইসলাম এবং প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্বাস উদ্দিন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের পাশাপাশি ৫৩ জন বিদায়ী এসএসসি পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে বিদায়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়, যা এক আবেগঘন ও আনন্দময় পরিবেশ সৃষ্টি করে। পরে প্রধান শিক্ষক শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
দশম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া তাবাসসুম তুবা বিদায়ী বক্তব্য প্রদান করেন। বিদায়ী ব্যাচের পক্ষ থেকে মারিয়া সুলতানা শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্মৃতিময় দিনগুলোর কথা তুলে ধরেন, যা উপস্থিত সকলকে আবেগাপ্লুত করে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অন্যান্য অতিথিরাও শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
একপর্যায়ে উপাচার্য শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন, যা তাদের আগামী পথচলায় অনুপ্রেরণার প্রতীক হিসেবে বিবেচিত হয়।
অনুষ্ঠানের শেষপর্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমামের পরিচালনায় বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের সাফল্য ও দেশের সার্বিক কল্যাণ কামনা করা হয়।
এই বাংলা/এমএস
টপিক

