ময়মনসিংহে প্রীতি ফুটবল ম্যাচে মিলনমেলা, খেলোয়াড়-দর্শকের উচ্ছ্বাসে মাতলো মাঠ

ময়মনসিংহ প্রতিনিধি :

 

ময়মনসিংহের ক্রীড়াঙ্গনে শনিবার, ১৬ মে ২০২৬ এক প্রাণবন্ত দৃশ্যের অবতারণা হয়। ময়মনসিংহ জেলা একাদশ ও মধুপুর একাদশের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচকে ঘিরে পুরো মাঠ পরিণত হয় উৎসবের মিলনমেলায়। খেলা শুর আগেই দর্শকদের ভিড় আর উৎসাহ জানিয়ে দিয়েছিল, এই ম্যাচ শুধু প্রতিযোগিতা নয়, বরং সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা বয়ে আনবে।

বিকেলে মাঠে বল গড়ানোর সঙ্গে দুই দলের খেলোয়াড়রা তাদের সেরা নৈপুণ্য দেখাতে থাকেন। আক্রমণ-প্রতি আক্রমণ, দ্রুত পাসিং আর দর্শনীয় গোলমুখী শটে দর্শকরা বারবার করতালিতে ফেটে পড়েন। জয়-পরাজয়ের বাইরে গিয়ে খেলোয়াড়দের ক্রীড়াসুলভ মনোভাবই এদিন ছিল মূল আকর্ষণ।

ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ, ময়মনসিংহ মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক এনামুল হক আকন্দ লিটন। তিনি খেলোয়াড়দের উৎসাহ দিয়ে বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণ সমাজকে মাদক, অপরাধ ও হতাশা থেকে দূরে রেখে সুস্থ ও সুসংগঠিত জীবনের পথ দেখায়। আমরা চাই ময়মনসিংহের প্রতিটি প্রান্ত থেকে নতুন খেলোয়াড় উঠে আসুক।”

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় ক্রীড়া সংগঠক, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অতিথিরা মাঠের এক পাশে বসে পুরো খেলা উপভোগ করেন এবং খেলোয়াড়দের পারফরম্যান্সের প্রশংসা করেন।

মাঠের চারপাশে দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। শিশু-কিশোর থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠরাও নিজ দলকে উৎসাহ দিতে ব্যস্ত ছিলেন। অনেকে জানান, দীর্ঘদিন পর ময়মনসিংহে এমন প্রাণবন্ত ফুটবল আয়োজন দেখে ভালো লাগছে।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের ঐতিহ্য ধরে রাখতেই এই প্রীতি ম্যাচের আয়োজন। ভবিষ্যতেও জেলা ও উপজেলা পর্যায়ের দলগুলোর মধ্যে নিয়মিত এমন ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

স্থানীয় ক্রীড়ামোদীদের মতে, এ ধরনের আয়োজন শুধু খেলোয়াড়দের জন্য নয়, গোটা ময়মনসিংহের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি করবে।

খেলা শেষে অতিথিরা খেলোয়াড়দের হাতে স্মারক তুলে দেন এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here