ভোলাহাটে প্রশাসনের অভিযানের পরও গভীর রাতে অবৈধ মাটি কাটার অভিযোগ

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :

 

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় প্রশাসনের অভিযান ও সতর্কতার পরও গভীর রাতে ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ উঠেছে। উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নের আদমপুর এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে এ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি উপজেলা প্রশাসনের অভিযানে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ড্রেজারের ব্যাটারিসহ বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়। তবে অভিযানের কিছুদিন পরই একই স্থানে পুনরায় ড্রেজার বসিয়ে রাতের আঁধারে মাটি কাটা শুরু হয়েছে।

অভিযোগ রয়েছে, এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নেতৃত্বে একটি চক্র খাল ও নিম্নাঞ্চল ভরাটের কথা বলে কৃষিজমি থেকে মাটি কেটে তা ট্রাক্টর ও ট্রলির মাধ্যমে বিভিন্ন ইটভাটায় সরবরাহ করছে।

স্থানীয় সচেতন মহল বলছে, কৃষিজমি থেকে নির্বিচারে মাটি অপসারণের ফলে জমির উর্বরতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদনও ক্ষতিগ্রস্ত হতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মো. ইউসুফ আলী মাটি কাটার বিষয়টির সত্যতা স্বীকার করলেও বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।

জামবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফাজ উদ্দিন পানু মিয়া বলেন, গভীর রাতে মাটি কাটার বিষয়টি তার জানা নেই। তবে অবৈধ মাটি কাটা বন্ধে প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

স্থানীয় বাসিন্দারা অবৈধ মাটি কাটা বন্ধে প্রশাসনের নিয়মিত নজরদারি ও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, কার্যকর ব্যবস্থা না নিলে কৃষিজমি ও পরিবেশের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়তে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here