ভোলা প্রতিনিধি :
ভোলায় রেজিস্ট্রি বায়না চুক্তির মাধ্যমে ক্রয়কৃত জমির দলিল সম্পাদন না করে উল্টো জোরপূর্বক দখল এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি প্রশাসনের হস্তক্ষেপ ও ন্যায়বিচার দাবি করেছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ২টার দিকে ভোলার একটি সাংবাদিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মো. ইউছুফ খান (পিতা: মো. মহসিন)। তিনি ভোলা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
লিখিত বক্তব্যে মো. ইউছুফ খান জানান, গত ১৮ মে ২০২৫ তারিখে তিনি মো. ফারুক বাকলাই (পিতা: মৃত মো. মিছির বাকলাই)-এর কাছ থেকে ভোলা শহরের পাইলট সিনেমা হলের উত্তর পাশে অবস্থিত প্রায় ৮ শতাংশ জমি রেজিস্ট্রি বায়না চুক্তির মাধ্যমে ১৬ লাখ টাকায় ক্রয় করেন। চুক্তি অনুযায়ী তিন মাসের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে দলিল রেজিস্ট্রি করে দেওয়ার কথা থাকলেও দীর্ঘ ৭ থেকে ৮ মাস অতিবাহিত হলেও বিক্রেতা দলিল হস্তান্তর করেননি বলে অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগীর অভিযোগ, সম্প্রতি অভিযুক্ত ব্যক্তি দলিল দিতে অস্বীকৃতি জানিয়ে সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্র—বগি দা, রামদা ও লাঠিসোঁটা—নিয়ে ওই জমিতে হামলা চালিয়ে পুনরায় জোরপূর্বক দখল নেন। এ সময় তার লোকজনকে মারধর করা হয় এবং তাকেসহ তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তিনি আরও দাবি করেন, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে বিভিন্ন মানুষের জমি দখলের সঙ্গে জড়িত। পাশাপাশি এলাকায় তার মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে বলে স্থানীয়ভাবে প্রচলিত আছে। এ বিষয়ে পূর্বেও সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অভিযোগ প্রকাশ পেলেও কার্যকর কোনো বিচার বা স্থায়ী সমাধান হয়নি বলে তিনি অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে মো. ইউছুফ খান নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনগতভাবে জমির মালিকানা ফিরে পাওয়ার দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। একই সঙ্গে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়বিচার প্রত্যাশা করেন।
এই বাংলা/এমএস
টপিক

