ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের খাটরা গ্রামে শ্যাম বিশ্বাস হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, এক কাঠা জমি বিক্রির নামে অভিযুক্তরা তাদের কাছ থেকে ৫০ হাজার টাকা নেন। দীর্ঘ সময় পার হলেও জমি বুঝিয়ে না দিয়ে বিভিন্ন অজুহাতে কালক্ষেপণ করেন। পরে ওই জমি অন্যত্র বিক্রি করে দেওয়া হলে এর প্রতিবাদ করতে গেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও সংঘর্ষের ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, গত ৩০ এপ্রিল ২০২৬ দুপুর ১টার দিকে সংঘর্ষের একপর্যায়ে আপন চাচাতো ভাই বাঁধন বিশ্বাসের ছুরিকাঘাতে শ্যাম বিশ্বাস গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিবারের অভিযোগ, এ সময় নিহতের দুই ছেলে, স্ত্রী, মা ও বোনসহ পরিবারের অন্য সদস্যদেরও মারধর করা হয়।
এ ঘটনায় নিহতের মা মিনি রানী বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় বাঁধন বিশ্বাস, নিখিল বিশ্বাস, বিকাশ বিশ্বাস, নয়নী রানী বিশ্বাস, পরিমল গাইন, সুকুমার গাইন, পরেশ বিশ্বাসসহ সাতজনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, এ পর্যন্ত মামলার ৩ নম্বর আসামি বিকাশ বিশ্বাস এবং ৫ নম্বর আসামি পরিমল গাইনকে গ্রেফতার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, দুই আসামি গ্রেফতারের পর থেকে পলাতক অন্য আসামিরা তাদের বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত, পলাতক আসামিদের দ্রুত গ্রেফতার এবং হত্যাকাণ্ডে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

