ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় অভিযান চালিয়ে একটি এলপিজি সিলিন্ডার বিক্রয়কারী প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৫ জানুয়ারি ২০২৬) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার রাধিকা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অভিযানকালে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ‘মায়ের দোয়া’ নামের এলপিজি সিলিন্ডার বিক্রয়কারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হেলাল মিয়াকে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এদিন অভিযানে মোট একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। কেউ ভোক্তা অধিকার লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি এবং মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টানানোর জন্য আহ্বান জানান।
এই বাংলা/এমএস
টপিক

