নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা রাজনৈতিক উত্তাপের মঞ্চে পরিণত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় বক্তারা ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সভায় প্রধান অতিথি জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস বলেন, “আমরা ৩১ দফা বাস্তবায়নের জন্য কাজ করছি। তফসিল ঘোষণার আগে এই আসনের মনোনয়ন বদলানো হলে আমরা তা নিশ্চিত করব। দীর্ঘ ১৭ বছর ধরে আমি আপনাদের সঙ্গে আছি, কেউ কখনো পিছু হটেনি। আমি আপনাদের সকলকে পরিবার মনে করি। ওয়াদা করছি, কোথাও যাচ্ছি না।”
তিনি আরও যোগ করেন, “আমি একজন এতিম, আমার বাবা নেই। আপনারাই আমার অভিভাবক, প্রথম ও শেষ ভালোবাসা। ধৈর্য ধরুন, কারো উস্কানিতে পা দেবেন না। মনোনয়ন আমরা আনব।”
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম। বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আনিসুর রহমান মঞ্জু, জেলা বিএনপির সদস্য হাজী আবু ছায়েদ, হযরত আলীসহ অসংখ্য নেতা-কর্মী।
সভা শেষে নেতারা মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে আগামী রবিবার থেকে নবীনগর থেকে বাঙ্গরা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন। এরপর একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এই বাংলা/এমএস
টপিক

