বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের ৯২তম ফাঁসি দিবস আজ

0
173
মাস্টারদা সূর্য সেন / ছবি - সংগৃহীত

হরিরামপুর প্রতিনিধি :

ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ও চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের প্রধান সংগঠক বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের ৯২তম ফাঁসি দিবস আজ (১২ জানুয়ারি)।

১৯৩৪ সালের এই দিনে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ব্রিটিশ শাসকগোষ্ঠী বিপ্লবী মাস্টারদা সূর্য সেন এবং তাঁর অন্যতম সহযোগী তারকেশ্বর দস্তিদারকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে। ‘যুগান্তর’ দলের চট্টগ্রাম শাখার প্রধান হিসেবে মাস্টারদা সূর্য সেন ১৯৩০ সালে সংঘটিত ঐতিহাসিক চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতৃত্ব দেন এবং ব্রিটিশবিরোধী সশস্ত্র আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

১৮৯৪ সালের ২২ মার্চ চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে তাঁর জন্ম। তাঁর পূর্ণ নাম সূর্য কুমার সেন। শিক্ষকতা পেশায় যুক্ত থাকায় তিনি ‘মাস্টারদা’ নামে সর্বাধিক পরিচিত হয়ে ওঠেন। তাঁর ডাকনাম ছিল কালু। পিতা রাজমণি সেন ও মাতা শশী বালা সেন। দুই ভাই ও চার বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ সন্তান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পূর্ববঙ্গে জন্ম নেওয়া এই বাঙালি বিপ্লবী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে নিজের জীবন উৎসর্গ করেন। মাস্টারদা সূর্য সেন আজও বাংলাদেশ ও ভারতে সমানভাবে শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে স্মরণীয়। তাঁর বীরত্বগাথা দুই দেশের শিক্ষা ব্যবস্থায় পাঠ্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে।

মাস্টারদার স্মরণে বাংলাদেশ ও ভারতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক ও স্থাপনার নামকরণ করা হয়েছে। কলকাতা মেট্রোর বাঁশদ্রোণী স্টেশনের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশন’। বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হল এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১০ সালে প্রতিষ্ঠিত মাস্টারদা সূর্য সেন হল উল্লেখযোগ্য।

চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে তাঁর জন্মগ্রামটি বর্তমানে ‘সূর্যসেন পল্লী’ নামে পরিচিত। সেখানে তাঁর পৈতৃক ভিটায় ২০০৩ সালে এক একর জমির ওপর নির্মিত হয়েছে ১০ শয্যাবিশিষ্ট মাস্টারদা সূর্য সেন মা ও শিশু কল্যাণ কেন্দ্র ও একটি স্মৃতিস্তম্ভ।

এছাড়া রাউজান সরকারি কলেজ সংলগ্ন এলাকায় তাঁর একটি প্রতিকৃতি ভাস্কর্য স্থাপন করা হয়েছে। ভাস্কর্যের পেছনে রয়েছে মাস্টারদা সূর্য সেন পাঠাগার এবং সংলগ্ন স্থানটি ‘সূর্যসেন চত্বর’ নামে পরিচিত। রাউজান-নোয়াপাড়া সড়কে তাঁর নামে একটি তোরণও নির্মাণ করা হয়েছে।

ফাঁসি দিবস উপলক্ষে রাউজান সদরের সূর্যসেন চত্বর ও নোয়াপাড়ার পৈতৃক ভিটায় স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, পুষ্পস্তবক অর্পণসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here