বামনা (বরগুনা) প্রতিনিধি :
বরগুনার বামনা উপজেলায় এক বিধবা নারীকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, গত ২৮ জুন (রোববার) রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে বামনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলায় উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নের গুদিঘাটা গ্রামের মৃত আলী সিকদারের ছেলে মো. ছগির সিকদার (৪৫) এবং একই গ্রামের মো. মোনাব্বার হাওলাদারের ছেলে মো. কালাম হাওলাদারকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত ১০ জানুয়ারি ২০২৬ দুপুরে প্রথম আসামি নিজ বাড়ির একটি কক্ষে ভুক্তভোগীকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে বিষয়টি জানতে পেরে দ্বিতীয় আসামি ২০ জানুয়ারি রাতে ভুক্তভোগীকে তার নানার বাড়ির পেছনের একটি সুপারি বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এজাহারে আরও বলা হয়, পরবর্তী সময়ে বিয়ের প্রলোভন, ভয়ভীতি ও হুমকি দিয়ে অভিযুক্তরা ভুক্তভোগীকে একাধিকবার ধর্ষণ করেন। বর্তমানে ওই নারী ২২ সপ্তাহের অন্তঃসত্ত্বা বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, লোকলজ্জা ও অভিযুক্তদের হুমকির কারণে এতদিন তিনি আইনের আশ্রয় নিতে পারেননি। পরিস্থিতির অবনতি হওয়ায় তিনি থানায় মামলা করেন।
পুলিশ জানিয়েছে, মামলা দায়েরের পর থেকেই অভিযুক্ত দুই ব্যক্তি এলাকা ছেড়ে আত্মগোপন করেছেন।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন খান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা, বামনা থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
এই বাংলা/এমএস

