বিশেষ প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ৬টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় জানানো হয়, ফজরের নামাজের পরপরই বেগম খালেদা জিয়ার ইন্তেকাল হয়।
দলের পক্ষ থেকে তাঁর রূহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশবাসীর কাছে তাঁর জন্য দোয়া চাওয়া হয়।
বিএনপির মিডিয়া সেল থেকেও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে দলটির পক্ষ থেকে জানানো হয়েছিল, দীর্ঘদিন ধরে অসুস্থ বেগম খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন এর আগে জানিয়েছিলেন, তিনি সংকটাপন্ন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং চিকিৎসকরা সার্বক্ষণিকভাবে তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছিলেন। চিকিৎসাকালে পরিবারের সদস্যরাও হাসপাতালে উপস্থিত ছিলেন বলে জানানো হয়।
বেগম খালেদা জিয়ার ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এই বাংলা/এমএস
টপিক

