বাঘাইছড়িতে বিদ্যুৎ সংকটে বিক্ষোভ, কার্যালয় ঘেরাও: ট্রান্সফরমার স্থাপনের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার

বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি :

রাঙ্গামাটির বাঘাইছড়িতে দীর্ঘদিনের বিদ্যুৎ সংকট, সেবায় অনিয়ম এবং ট্রান্সফরমার প্রতিস্থাপনে অর্থ দাবির অভিযোগে বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র ও আবাসিক প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয় গ্রাহকরা। পরে আগামী তিন দিনের মধ্যে সমস্যার সমাধানের আশ্বাস পাওয়ার পর কর্মসূচি প্রত্যাহার করেন তারা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টার দিকে বাঘাইছড়ি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের সামনে শতাধিক নারী-পুরুষ জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা আবাসিক প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করে বিভিন্ন স্লোগান দেন। পরিস্থিতি উত্তপ্ত হলে বাঘাইছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করে।

বিক্ষোভকারীদের অভিযোগ, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার প্রায় দুই মাস ধরে বিকল থাকায় শতাধিক পরিবার বিদ্যুৎবিহীন অবস্থায় চরম দুর্ভোগে রয়েছে। বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীদের লেখাপড়া, ব্যবসা-বাণিজ্য এবং দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

তাদের দাবি, বিষয়টি একাধিকবার লিখিত ও মৌখিকভাবে বিদ্যুৎ বিভাগকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং নতুন ট্রান্সফরমার সরবরাহের জন্য আবাসিক প্রকৌশলী শুগত চাকমা ৮০ হাজার টাকা দাবি করেন বলে অভিযোগ করেন তারা। পরে এলাকাবাসী চাঁদা তুলে ২৫ হাজার টাকা দিলেও এখনো ট্রান্সফরমার স্থাপন বা বিদ্যুৎ সংযোগ চালু করা হয়নি বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এছাড়া তারা অভিযোগ করেন, আবাসিক প্রকৌশলী নিয়মিত অফিসে উপস্থিত থাকেন না এবং প্রয়োজনের সময় ফোন করলেও অধিকাংশ ক্ষেত্রে সাড়া পাওয়া যায় না। অনেক ক্ষেত্রে মিটার রিডিং ছাড়াই বিদ্যুৎ বিল প্রস্তুত করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

তবে এসব অভিযোগ অস্বীকার করে আবাসিক প্রকৌশলী শুগত চাকমা বলেন, জনবল সংকট ও বিভিন্ন প্রশাসনিক সীমাবদ্ধতার কারণে কিছু সমস্যা সৃষ্টি হয়েছে। জেলা সদর থেকে ট্রান্সফরমার আনতে অতিরিক্ত ব্যয় হয়। এছাড়া স্থানীয় কিছু মতবিরোধের কারণেও কাজ বিলম্বিত হয়েছে। তিনি জানান, আগামী রোববারের মধ্যে ট্রান্সফরমার স্থাপন করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার সর্বোচ্চ চেষ্টা করা হবে।

পরে পুলিশের উপস্থিতিতে অনুষ্ঠিত আলোচনায় আবাসিক প্রকৌশলী তিন দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিলে বিক্ষোভকারীরা কর্মসূচি প্রত্যাহার করেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে সমস্যার সমাধান না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে দীর্ঘদিনের বিদ্যুৎ সংকট নিরসন করবে এবং গ্রাহকদের জন্য হয়রানিমুক্ত ও মানসম্মত বিদ্যুৎ সেবা নিশ্চিত করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here