বাঘাইছড়িতে পাহাড় ধসে বৃদ্ধের মৃত্যু, ঝুঁকিপূর্ণ এলাকায় সতর্কতার আহ্বান

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি :

রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম লাইল্যাঘোনা এলাকায় পাহাড় ধসে লক্ষী বিলাশ চাকমা (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৮টার দিকে লাইল্যাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লক্ষী বিলাশ চাকমা স্থানীয়ভাবে পরিচিত ‘লক্ষ্মী ডাক্তারের’ ভাই এবং প্রয়াত দ্রোণাচার্য চাকমার ছেলে।

নিহতের বড় ভাই বিমলেন্দু চাকমা জানান, গত দুই দিনের টানা বৃষ্টিতে তাদের বসতঘরের পাশের পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। মঙ্গলবার সকালে লক্ষী বিলাশ চাকমা ধসে পড়া মাটি সরাতে গেলে হঠাৎ পাহাড়ের ওপর থেকে একটি কাঁঠাল গাছের গুঁড়িসহ আবারও বিপুল পরিমাণ মাটি ধসে তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা মাটি ও গাছের গুঁড়ি সরিয়ে তাকে উদ্ধার করলেও ততক্ষণে তিনি মারা যান।

খবর পেয়ে বাঘাইছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াজুল ইসলাম রানা শেখের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পরে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সরকারি সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

ইউএনও আরও বলেন, টানা বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের ঝুঁকি বেড়েছে। তাই ঝুঁকিপূর্ণ পাহাড়ের ঢালে বসবাসকারীদের দ্রুত নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যেতে হবে। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করা হচ্ছে বলেও তিনি জানান।

প্রশাসন জানিয়েছে, অব্যাহত বর্ষণের কারণে বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন পাহাড়ি এলাকায় পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। এ কারণে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারী সবাইকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here