বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি :
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মোস্তফা কলোনিতে সরকারের আশ্রয়ণ প্রকল্পে ঘর বিক্রি ও জমি দখলের গুরুতর অভিযোগ উঠেছে। ভূমিহীন ও অসচ্ছল মানুষের পুনর্বাসনের জন্য নির্মিত এসব ঘরের অন্তত দুটি প্রায় চার লাখ টাকায় গোপনে বিক্রি করা হয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন।
অভিযোগ রয়েছে, বিক্রির প্রমাণ হিসেবে স্ট্যাম্পে সম্পাদিত একটি চুক্তিপত্রও পাওয়া গেছে। এতে বিক্রেতা হিসেবে কাচালং বাজার এলাকার বাসিন্দা হোসনেয়ারা খাতুন ও মো. আজিজুর রহমান এবং ক্রেতা হিসেবে মো. রুহুল আমিনের নাম উল্লেখ রয়েছে।
সরেজমিনে দেখা যায়, প্রকল্পের কয়েকটি ঘর প্রকৃত সুবিধাভোগীদের দখলে নেই। সেখানে অন্য ব্যক্তিরা বসবাস করছেন। স্থানীয়দের অভিযোগ, অর্থের বিনিময়ে এসব ঘর হাতবদলের ফলে প্রকৃত দরিদ্র পরিবারগুলো সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এদিকে, প্রকল্পের নির্ধারিত নকশা অমান্য করে ঘরের কাঠামো পরিবর্তনের অভিযোগও উঠেছে। পাশাপাশি আশপাশের খালি জায়গা দখল করে ব্যবহারের ঘটনাও ঘটছে। এতে পরিকল্পিত অবকাঠামো ব্যাহত হওয়ার পাশাপাশি ভবিষ্যতে জমি নিয়ে বিরোধের আশঙ্কা তৈরি হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বলেন, অভিযোগগুলো তদন্তাধীন রয়েছে। তদন্তে সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এই বাংলা/এমএস
টপিক

