বড় সংকট না হলে নির্ধারিত সময়েই নির্বাচনে অংশ নেবে বিএনপি: রিজভী

0
182
কুড়িগ্রামে সাংবাদিকদের প্রশ্নোত্তরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী / ছবি - এই বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি :


বড় ধরনের কোনো রাজনৈতিক বা জাতীয় সংকট তৈরি না হলে সরকার ঘোষিত সময়েই জাতীয় নির্বাচনে অংশ নিতে বিএনপি প্রস্তুত— এমন মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজ শেষে কুড়িগ্রাম শহরের সরদারপাড়ায় নিজ বাসভবনের কাছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে সকালে কুড়িগ্রাম পৌঁছে সরদারপাড়া জামে মসজিদে প্রতিষ্ঠাতা চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন তিনি।

খালেদা জিয়ার বিদেশ না যাওয়া ও তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি নির্বাচনকে প্রভাবিত করতে পারে কি না— জানতে চাইলে রিজভী বলেন, “এই মুহূর্তে দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতাই আমাদের কাছে সবচেয়ে বড় বিষয়। বড় কোনো বিপর্যয় না হলে রমজানের আগে যে নির্বাচনের কথা সরকার বলছে— বিএনপি তাতে অংশ নিতে প্রস্তুত। আমরা এ ব্যাপারে অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ।”

খালেদা জিয়ার অসুস্থতা প্রসঙ্গে তিনি বলেন, “ফ্যাসিস্ট হাসিনার কোনো নির্যাতনই দেশনেত্রীকে দমাতে পারেনি। তিনি সবসময় জনগণের পক্ষে থেকেছেন। আজ তিনি গুরুতর অসুস্থ; দেশের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করছে। আন্তর্জাতিক মহল থেকেও শুভেচ্ছা বার্তা আসছে।”

খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়ে রিজভী আরও বলেন, “আজ যেন পুরো দেশ তাঁর জন্য প্রার্থনায় মগ্ন। সবার দোয়ায় আল্লাহ নিশ্চয়ই দেশনেত্রীকে সুস্থতা দেবেন।”

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, “যখন মায়ের এমন সংকটাপন্ন অবস্থা, তখন স্বাভাবিকভাবেই তিনি এ বিষয়টিই বেশি ভাববেন। দেশের মানুষের নেতা হিসেবে তিনি সঠিক সময়ে দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন।”

এ সময় কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু ও হাসিবুর রহমান হাসিব, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here