বকশীগঞ্জ প্রতিনিধি :
“প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি” প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয়। এতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল করিম, বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
আলোচনা সভায় বক্তারা তামাক ও নিকোটিনজাত পণ্যের ক্ষতিকর প্রভাব তুলে ধরে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, তামাকের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি এবং এর কারণে প্রতিবছর অসংখ্য মানুষ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হন।
সভায় বক্তারা আরও বলেন, তামাকমুক্ত সমাজ গঠনে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, রাজনৈতিক নেতৃত্ব এবং গণমাধ্যমের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে তরুণ প্রজন্মকে তামাক ও নিকোটিনের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠান শেষে তামাক ও নিকোটিনমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসনের চলমান কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এই বাংলা/এমএস
টপিক

