বকশীগঞ্জ প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর এক যুবকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
মঙ্গলবার (১৯ মে) বিকেলে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের সাতানীপাড়া গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত যুবকের নাম ইস্তিয়াক হোসেন (৩৬)। তিনি সাতানীপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, ইস্তিয়াক দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার পর থেকে ইস্তিয়াক নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে গ্রামের একটি পুকুরে বাঁশঝাড়ের পাশে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ঘটনার খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আইনগত কার্যক্রম শুরু করে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মকবুল হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে এবং মরদেহ ময়নাতদন্তসহ পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

