
কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক জিরো লাইনে নতুন ফোর লেন সড়ক নির্মাণকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মধ্যে উচ্চ পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নতুন কোনো সড়ক নির্মাণ না করার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় ফুলবাড়ী উপজেলার খলিশাকোঠাল সীমান্তে আন্তর্জাতিক পিলার ৯৩৪/১ সাব-পিলারের নিকট এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের পক্ষে চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, এবং ভারতের পক্ষে পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কোচবিহার ৩ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার কে কে রাও।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বৈঠক শেষে লে. কর্নেল মেহেদী ইমাম সাংবাদিকদের জানান, বিএসএফ নতুন কোনো সড়ক নির্মাণ করবে না। তারা কেবল ব্রিটিশ আমলে নির্মিত পুরোনো সড়ক সংস্কার করছে। ভবিষ্যতে নতুন কোনো নির্মাণকাজ করা হলে তা পারস্পরিক আলোচনার মাধ্যমে হবে। বিষয়টি যাচাইয়ের জন্য দ্রুত একটি তদন্ত দল ঘটনাস্থলে পাঠানো হবে।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি থেকে জিরো লাইনে নতুন ফোর লেন সড়ক নির্মাণকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল।
বিজিবির প্রতিবাদ ও একাধিক পতাকা বৈঠকের পর বিএসএফ নির্মাণকাজ বন্ধ করে। সর্বশেষ উচ্চ পর্যায়ের বৈঠকে প্রায় এক কিলোমিটার পুরোনো সড়ক সংস্কার ছাড়া নতুন কোনো নির্মাণ না করার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক
