প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন

0
146
প্রতিকি ছবি

অনলাইন ডেস্ক :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের জন্য চালু হলো আইটি-সাপোর্টেড পোস্টাল ভোটিং পদ্ধতি। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ‘পোস্টাল ভোট বিডি’ নামের ভোটার নিবন্ধন অ্যাপ উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অ্যাপ উদ্বোধনের পরপরই জাপান, মিশর ও কেনিয়া থেকে প্রবাসীরা নিবন্ধন প্রক্রিয়া শুরু করেন।

নতুন এ প্রক্রিয়ার মাধ্যমে বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভোটার, নির্বাচনি দায়িত্বে থাকা কর্মকর্তা, নিজ এলাকা ছাড়া অন্যত্র কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা ডাকযোগে বা আইটি-নির্ভর পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।

সিইসি উদ্বোধনী বক্তব্যে বলেন, “বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে আজ একটি নতুন অধ্যায় যুক্ত হলো। এই পদক্ষেপ গণতন্ত্রকে করবে আরও অন্তর্ভুক্তিমূলক ও শক্তিশালী। প্রায় ১ কোটি ৩০ লাখ প্রবাসী বাংলাদেশির ভোটাধিকার নিশ্চিত করতে নানা চ্যালেঞ্জ সত্ত্বেও আমরা এগিয়ে যাচ্ছি।”

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, প্রবাসীদের জন্য একটি হাইব্রিড সমাধান তৈরি করা হয়েছে, যেখানে প্রতিটি ডাক ব্যালট আলাদাভাবে শনাক্ত ও ট্র্যাক করা সম্ভব হবে।

সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ভার্চুয়ালি যুক্ত হয়ে জানান, সেখানে প্রায় ৩৫ লাখ বাংলাদেশি প্রবাসী আছেন। তিনি আশা প্রকাশ করেন, উল্লেখযোগ্যসংখ্যক প্রবাসী এবার ভোটার নিবন্ধন ও ভোট প্রদানের সুযোগ গ্রহণ করবেন।

ইসির তথ্য অনুযায়ী, বিশ্বের ১৪৩টি দেশে টানা ৪০ দিন ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটার নিবন্ধন চলবে। অনুষ্ঠানে দুই নির্বাচন কমিশনার, ইসির ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রণালয়ের সচিব, রাজনীতিবিদসহ বিভিন্ন দেশের কূটনীতিক ও প্রবাসীরা ভার্চুয়ালি অংশ নেন।

সূত্র: বাসস

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here