নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার হাওরবেষ্টিত নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুনিয়াউক গ্রামের কৃতি সন্তান, শিক্ষাবিদ, লেখক ও গবেষক অধ্যাপক ড. মোহাম্মদ মইনুল হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (৪ এপ্রিল) রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার মিরপুরে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ড. মইনুল হোসেন ১৯৩৮ সালে গুনিয়াউক গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন মৌলভী জহুরুল ইসলাম। কর্মজীবনে তিনি ১৯৬৮ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে শিক্ষকতা শুরু করেন এবং পরবর্তীতে বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তিনি ১৯৭০ সালে ইংল্যান্ডের ব্রুনেল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং ১৯৭৪ সালে লিডস বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ১৯৮৮ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে যোগদান করেন এবং ২০০৩ সালে অবসর গ্রহণ করেন।
এছাড়া তিনি ঢাকাস্থ নাসিরনগর উপজেলা সমিতির সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন এবং শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
তার মৃত্যুতে নাসিরনগর উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
এই বাংলা/এমএস
টপিক

