নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি :
দেশের ইতিহাসে প্রথমবারের মতো পোস্টার ও ব্যানার ছাড়া শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা ব্রাহ্মণবাড়ীয়া–১ (নাসিরনগর) সংসদীয় ২৪৩ আসনে নির্বাচনী মাঠে এক ভিন্ন বাস্তবতা তৈরি করেছে।
একসময় দেয়াল, বিদ্যুতের খুঁটি, গাছপালা ও রাস্তার মোড়ে মোড়ে ঝুলে থাকা পোস্টার–ব্যানারে ছেয়ে যেত পুরো এলাকা। এবার সেই চিরচেনা দৃশ্য পুরোপুরি অনুপস্থিত। এতে নির্বাচনের ঐতিহ্যবাহী উৎসবমুখর আবহে কিছুটা ভাটা পড়লেও রাস্তাঘাট ও পরিবেশ পরিচ্ছন্ন থাকায় স্বস্তি প্রকাশ করছেন সচেতন ভোটাররা।
নির্বাচন কমিশনের (ইসি) কঠোর নির্দেশনার ফলে প্রার্থীদের এবার ডিজিটাল ও পরিবেশবান্ধব প্রচারণার দিকে ঝুঁকতে হচ্ছে। ইসির সিদ্ধান্ত অনুযায়ী গত ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া প্রচারণা চলবে আগামী ১০ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত। এই সময়ে পলিথিন, প্লাস্টিক বা রেক্সিনের মতো অপচনশীল সামগ্রী ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি দেয়াল, গাছ কিংবা যানবাহনে পোস্টার ও ফেস্টুন লাগানোও দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হচ্ছে।
ব্রাহ্মণবাড়ীয়া–১ (নাসিরনগর) আসনে দেখা গেছে, প্রার্থীরা মূলত উঠান বৈঠক, মাইকিং, সামাজিক যোগাযোগমাধ্যম এবং বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণের মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন। তবে পোস্টার না থাকায় প্রান্তিক ও বয়স্ক ভোটারদের মধ্যে কিছুটা বিভ্রান্তিও তৈরি হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
উপজেলা সদরের বাসিন্দা মো. মহারাজ মিয়া বলেন, “আগে পোস্টার দেখেই প্রার্থীদের চিনতাম। এখন চোখে পড়ার মতো কিছু নেই। বয়স্ক মানুষের জন্য বিষয়টি একটু কঠিন হয়ে গেছে।”
প্রথমবার ভোট দিতে যাওয়া শিলা আক্তার বলেন, “ফেসবুক না দেখলে এখন বোঝাই যায় না কে প্রার্থী বা কোন মার্কা। নতুন ভোটার হিসেবে যে উৎসবটা পাওয়ার কথা ছিল, সেটা কম মনে হচ্ছে। তবে পোস্টার শুধু টাকা নষ্ট করে—ফেসবুক আর উঠান বৈঠকই যথেষ্ট।”
কলেজ শিক্ষার্থী ইকরা জাহান বলেন, “পোস্টার না থাকায় পরিবেশ নোংরা হচ্ছে না, রাস্তাঘাট পরিষ্কার থাকছে—এটাই সবচেয়ে ভালো দিক।”
পোস্টারবিহীন এই নির্বাচনী ব্যবস্থাকে স্বাগত জানিয়েছেন পরিবেশকর্মীরাও। তাদের মতে, এবার গাছ, দেয়াল ও জনসাধারণের স্থানগুলো আগের মতো ক্ষতিগ্রস্ত হচ্ছে না।
যদিও প্রার্থীরা এটিকে নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন, তবুও বিষয়টি ইতিবাচকভাবে নিচ্ছেন অনেকেই। ব্রাহ্মণবাড়ীয়া–১ নাসিরনগর আসনের বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থক আব্বাস মিয়া বলেন, “নাসিরনগরের ভোটাররা অনেকটাই সচেতন। পোস্টার দিয়ে পরিচয় করানোর প্রয়োজন নেই। আমরা সরাসরি ভোটারদের বাড়িতে গিয়ে ভোট চাইছি।”
এই বাংলা/এমএস
টপিক

